

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা বাসে যাতায়াতের সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া (২৬) নামে ১ যাত্রীকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিন্তাই করে নিয়ে গেছে বলে বাসের হেলপার ও চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঁধা দিলে ভুক্তভোগী ওই যাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে ওই ছিন্তাইকারীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-কাঁচপুর সড়কে এ ছিন্তাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বাদী হয়ে ভুক্তভোগী ফরহাদ মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ফরহাদ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হিসেবে চাকুরী করে আসছেন। বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌছান। সেখান থেকে রাত সাড়ে ৪টার দিকে গাউসিয়া-কলাবাগান মেঘলা বাস সার্ভিসে করে তিনি সহ বাসের অন্য একজন যাত্রী নিয়ে গাউসিয়া আসতেছিলেন। কিন্তু বাসটি কাঁচপুর আসা মাত্রই তিনি বুঝতে পারেন বাসটি গাউসিয়ার দিকে না গিয়ে মদনপুরের দিকে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে বাসের হেলপারকে জিগ্যেস করলে হেলপার জানায় রাস্তায় জ্যাম তাই অন্যদিক দিয়ে যেতে হবে। কিছুদুর যাওয়ার পর বাসের চালকের ইশারায় হেলপার এসে তাকে চাকু দিয়ে জিম্মি করে নগদ ৯ হাজার ৭শ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিয়ে নেয়। এতে বাঁধা দিলে বাসের হেলপার ও চালক মিলে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে রাস্তায় ফেলে ছিন্তাইকারীরা বাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউসিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন।
এ ঘটনায় স্থানীয় যাত্রীদের মাঝে চরম ক্ষোভের দেখা দিয়েছে। এর আগেও মেঘলা বাস সার্ভিসের বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক অভিযোগ থাকলেও ক্ষমতার বলে তারা বারবারই পার পেয়ে যায়। ফলে স্থায়ী যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ যাত্রীদের।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।