

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চিংড়াখালী ইউনিয়নের ২৯৬ নম্বর সিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুলিয়া বেগমের তালাবদ্ধ বসতবাড়িতে আগুন লাগে। আগুনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাকালে বাড়িতে কেউ অবস্থান করছিলেন না।এতে সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত শিক্ষিকা রুলিয়া বেগম জানান, তিনি রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে দৈবজ্ঞহাটি ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করছেন। মাঝে মাঝে বাড়ি দেখতে এসে আবার চলে যেতেন। তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা রাতের আঁধারে তার বাড়িতে আগুন দিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা সোমনাথ দে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”