

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়-২, (বোদা-দেবীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বোদা পৌর শহরে নগরকুমারী তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ খোলামেলা আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা বিএনপির সভাপতি অধধ্যাপক আব্দুর মান্নান, প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলু সহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
মতবিনিময় সভায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ বলেন, এই এলাকায় আমার বেড়ে ওঠা। এখানকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের চাহিদা আমার জানা। আপনাদের সহযোগিতা পেলে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় নাগরিক সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখব।
মত বিনিময় কালে তিনি এলাকার মানুষের উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত, কৃষক কার্ড ফ্যামিলি কার্ড প্রদান, বোদা ও দেবীগঞ্জের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন, রাস্তাঘাট সহ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন। নারী ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা এবং তরুণদের প্রশিক্ষণ প্রদান করে দক্ষ নাগরিক তৈরি করে উদ্যোক্তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তরুণদের বিদেশি ভাষা শেখার প্রশিক্ষণ তাদের কর্মসংস্থান তৈরি করে এবং ভাষাগত দক্ষতার মাধ্যমে বিদেশে কাজের সুযোগ, উন্নত জীবনযাত্রার কর্মসংস্থান করাসহ তাদের আয়বদ্ধ কর্মের সুযোগ তৈরি করা হবে। মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে ঘোষণা করেন। এছাড়াও তিনি অফিস আদালতে সাধারণ মানুষ যেন হয়রানি শিকার না হয়, সে বিষয়ে সজাগ থাকবেন। সঙ্গে বোদা দেবীগঞ্জ উপজেলায় ঘুষ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করবেন।