

রূপসা প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ধানের শীষ সার্বভৌমত্ব, আস্থা, ন্যায় ও নিরাপত্তার প্রতীক। ধানের শীষের পতাকার তলে কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, মাদক গডফাদার কিংবা ভূমিদস্যুর ঠাঁই নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বা চাঁদাবাজির মতো অপকর্মে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
তিনি বলেন, তৃণমূলের জনগণকে সঙ্গে নিয়েই বিএনপির জন্ম। এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে অসহায় ও দরিদ্র মানুষ বিধবা ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ নানা সামাজিক সেবা পাবে।
তিনি আরও বলেন, ঘাটভোগ ইউনিয়নের অন্যতম বড় সমস্যা নিরাপদ পানির সংকট, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং ভাঙাচোরা রাস্তাঘাট। অনেক এলাকায় এখনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, ফলে সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসা সেবার অভাবে দরিদ্র মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া গ্রামের রাস্তাগুলোর বেহাল দশার কারণে কৃষক, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।
ধানের শীষ বিজয়ী হলে ঘাটভোগ ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং টেকসই রাস্তা নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি ৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল সাহা, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান আরিফ।
ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস এম এ মালেকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মেজবা মোল্যার সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা হুমায়ূন কবির, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, আসাদুল্লাহ আসাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, আবুল কাশেম কালা, আরিফ মোল্যা, মহিতোষ ভট্টাচার্য, খায়রুল আলম খোকন, আসলাম লস্কর, লাভলু মোল্যা, ইমরান মোল্যা, শরিফ মোল্যা, আসলাম শেখ, মুরাদ মোল্যা, মিশকাত মোল্যা প্রমুখ।
এর আগে তিনি শিয়ালি নুরহানি মেম্বারের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হিল্লোল মুখার্জী। বক্তব্য রাখেন ইউপি সদস্য বিনোদিনী পাল, মনি মালাকার, রাজকুমার মল্লিক প্রমুখ।
এছাড়াও তিনি সকালে আইচগাতী প্রধান নির্বাচনী কার্যালয়ে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন এবং ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।