

আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার:
স্বাধীনতার পরবর্তী সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ইতিহাস ভেঙে বিজয়ী হওয়া নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমুক্ত একটি উন্নয়নশীল ঈশ্বরদী-আটঘরিয়া গড়ে তোলাই তাঁর অঙ্গীকার। শপথ গ্রহণের পর থেকেই তিনি এ লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করেছেন বলেও জানান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের আলহাজ্ব মোড়ে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শপথ নিয়ে এলাকায় ফেরার পথে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা নেতাকর্মীরা দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে আলহাজ্ব মোড় পর্যন্ত গাড়িবহর নিয়ে নবনির্বাচিত এমপিকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, শপথ গ্রহণের পরপরই ঈশ্বরদীর দীর্ঘদিনের রেলগেট সমস্যার স্থায়ী সমাধানে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের বিষয়ে রেল মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ‘২৪ জুলাইয়ের ঘটনা না ঘটলে আমরা এভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেতাম না।’ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে তাঁদের শাহাদতের মর্যাদা প্রার্থনা করেন। পাশাপাশি দলীয় শীর্ষ নেতৃবৃন্দসহ নির্যাতনের শিকার হয়ে নিহতদের জন্যও দোয়া কামনা করেন।
নবনির্বাচিত এমপি অভিযোগ করেন, ঢাকায় শপথ গ্রহণকালে তিনি খবর পান যে পরাজিত পক্ষ ঈশ্বরদীতে হামলা, মারপিট, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দখল এবং ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, এসব অপতৎপরতা দিয়ে জনগণকে ভীত করা যাবে না। ঈশ্বরদী-আটঘরিয়ার জনগণ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত উন্নয়নশীল এলাকা গড়ার পক্ষে রায় দিয়েছে।
বিজয়ের পেছনে ভূমিকা রাখা দলীয় নেতাকর্মী, ভোটার ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।