

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম আহমেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে। খবর পেয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্রুত ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়।
ঘটনার পরপরই বিষয়টি মহাপরিচালক (ডিজি) এর নজরে এলে তিনি ক্ষতিগ্রস্ত সদস্যকে অবিলম্বে সহায়তার নির্দেশ দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী সিলেট রেঞ্জের উপমহাপরিচালক সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। পরে জেলা কমান্ড্যান্ট ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও উইন্টার কোটসহ শীতবস্ত্র বিতরণ করেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন রেঞ্জ সদর দপ্তরে পাঠান।
পরবর্তীতে রেঞ্জ কমান্ডার বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালককে অবহিত করলে তাঁরা সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে গৃহনির্মাণের জন্য ২ বান টিন ও নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
হঠাৎ ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনায় সব হারিয়ে অসহায় হয়ে পড়া প্লাটুন কমান্ডার মোঃ সেলিম আহমেদ আনসার-ভিডিপি বাহিনীর এ মানবিক সহায়তার জন্য মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষ্যে, এই সহায়তা শুধু আমার প্রতি নয়—বরং পুরো বাহিনীর সদস্যদের প্রতি মহাপরিচালক মহোদয়ের আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রমাণ।