

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুবিদপুর গ্রামে অনুষ্ঠিত ধর্মীয় ভক্তি ও আধ্যাত্মিক আনন্দে মুখরিত হয়ে উঠেছে সমস্ত এলাকা, স্থানীয় ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মহা আধ্যাত্মিক উৎসবে।
অনুষ্ঠানের শুরুতে পূজনীয় মহাত্মাগণ ও ব্রহ্মচারীগণ বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন হরিনাম সংকীর্তন, পদাবলী কীর্তন, ভজন ও নৃত্যানুষ্ঠান। মনোমুগ্ধকর এসব পরিবেশনায় ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে ভক্তি, শান্তি ও ঈশ্বরপ্রেমের আবেশ ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ধর্মপ্রচারক ও সমাজসেবী মহাশয়গণ। তাঁরা তাঁদের বক্তব্যে হরিনাম যজ্ঞের মাহাত্ম্য, মানবকল্যাণে নামস্মরণের গুরুত্ব এবং সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই যজ্ঞ মহোৎসবের মূল উদ্দেশ্য সমাজে ভক্তি, সদাচার ও ঈশ্বরচেতনার প্রসার ঘটানো। আগামী দিনগুলোতেও নিয়মিত হরিনাম কীর্তন ও ভক্তিসভা আয়োজনের পরিকল্পনাও জানানো হয়।
হাজারো ভক্তের উপস্থিতিতে এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে ষোলপ্রহর ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠান শুরু হয় ।