

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতালের ভেতরে দেখা গেছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা করিডোর, ভাঙা ও ব্যবহার অনুপযোগী বেসিন–বাথরুম। ফলে চিকিৎসা নিতে এসে মানুষ পড়ছেন তীব্র ভোগান্তিতে।
এদিকে কর্তৃপক্ষ জানাচ্ছে লোকবল সংকটের কারণে রোগীরদের সেবা ঠিকভাবে দিতে পারলেও পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঘাটতি আছে।
হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় বেশিরভাগ বেসিনে পানি নেই। কোথাও আবার পাইপ লিক করে চারপাশ কাদামাটি আর দুর্গন্ধে ভরা। বাথরুমগুলোর দরজা ভাঙা, পানি নিষ্কাশন ব্যবস্থায় স্থবিরতা, ময়লা-আবর্জনায় সয়লাব। নিয়মিত পরিষ্কার না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ, আর এতে তৈরি হয়েছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, বাথরুমে ঢোকাই যায় না, বেসিনে পানি নেই, এতো নোংরা পরিবেশে দম বন্ধ হয়ে আসে। প্রতিদিন এসব সমস্যায় পড়তে হচ্ছে। অথচ কর্তৃপক্ষের কোনও নজর নেই। জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা সবার।
তদারকির অভাবে এ পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রুত সংস্কার কাজ শুরু করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মী খুবই কম। চাহিদা প্রায় ১৫০ জন হলেও আছে মাত্র অল্প কয়েকজন। এত বড় হাসপাতালে এক ওয়ার্ডের ধারণক্ষমতা ২০ জন হলেও সেখানে ভর্তি থাকে প্রায় ৮০ জন। আমরা কাউকে ফেরত দিই না, যতটুকু সম্ভব সবার চিকিৎসার চেষ্টা করি।