

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রনি মিয়া (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত রনি ওই গ্রামের কুতুব মিয়ার ছেলে। পরিবারের বরাতে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাতে রনি ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের গাছের বাগান থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজন ও স্থানীয়রা।
রনির মা রেজিনা বেগম বলেন, রাতে বের হওয়ার পর আমার ছেলে আর ফিরে আসেনি। সকালে গিয়ে দেখি গাছের সাথে আমার ছেলের লাশ ঝুলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্যা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তিনি আরও জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।