

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
শুক্রবার (২৭জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন সকাল আনুমানিক ৬টা ৫৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- মো. জয়নাল আবেদিন (৩৬)।
তালেবুর রহমান বলেন,ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কোয়ালিটি টিম্বার এন্ড স-মিল এর সামনে ঢাকা চট্রগাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির বরাতে তিনি আরও বলেন,গ্রেফতারকৃত জয়নাল আবেদিন একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিআই/এসকে