

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
বরিশাল আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনব্যাপী ৬ষ্ঠ ধাপের আনসার মৌলিক প্রশিক্ষণ শেষে ১৭১ জন প্রশিক্ষণার্থীর সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সম্প্রদায়ভিত্তিক সেবায় আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন,আনসার বাহিনী চারটি স্তম্ভ—ভিডিপি/টিডিপি,উপজেলা/থানা আনসার,অঙ্গীভূত আনসার এবং ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গড়ে উঠেছে। দায়িত্ব ভিন্ন হলেও প্রতিটি কাঠামোই জাতীয় নিরাপত্তা ব্যবস্থার অপরিহার্য অংশ।
দুর্যোগ ও সংকটে দ্রুত সাড়া দিতে সক্ষম হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন,জাতীয় যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে হবে। সেবা ও নিরাপত্তা কার্যক্রমে সক্ষম হয়ে জনগণের আস্থা অর্জনই প্রকৃত আনসার সদস্যের পরিচয়।
তিনি আরও বলেন,সু-শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখা প্রত্যেক আনসার সদস্যের দায়িত্ব। পাশাপাশি আন্তর্জাতিক ভাষা দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবন ও উন্নয়নে সহায়ক হবে বলেও মন্তব্য করেন মহাপরিচালক।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিন প্রশিক্ষণার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এছাড়া বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার (পরিচালক) মো. আব্দুস সামাদ, বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান জনি, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।