

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে জমি বিক্রির ৪০ লাখ টাকা চুরি করে পালিয়ে যাওয়া গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- আকলিমা বেগম (৪১)।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) তাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে চুরির ২৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২ জুলাই) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৯ জুন মোহাম্মদপুরের খিলজি রোডের বাসিন্দা নাছির উদ্দীনের বাসায় এই চুরির ঘটনা ঘটে। বাসার সবাই অনুপস্থিত থাকার সুযোগে আলমিরা থেকে কৌশলে টাকা চুরি করে পালিয়ে যায় আকলিমা। ঘটনার পরপরই নাছির উদ্দীন মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তে নেমে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করেন। পরে গত দু’দিন ধরে ধারাবাহিক অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আকলিমাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
এসি মেহেদী আরও বলেন, মামলার বাদী ও তার স্ত্রী দুজনেই চাকরি করেন। এর পাশাপাশি তারা জমি কেনা বেচা সঙ্গেও জড়িত। এমনই একটি জমি বিক্রির টাকা তারা ঘরে রেখেছিলেন। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে ড্রয়ার ভেঙে ৪০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় আকলিমা।
চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডিআই/এসকে