

মোংলা প্রতিনিধি:মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মকর্তার পুরষ্কার পেয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান। এর আগে ২০২২ সালে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও তিনি পুরস্কৃত হন।
সোমবার (১ ডিসেম্বর) মোংলা বন্দরের স্টাফিং-আনস্টাফিং শেডে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এ পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে মোংলা বন্দর ব্যবহারকারী হিসেবে সর্বোচ্চ জাহাজ কয়লা, মাসুল প্রদান, সার, সাধারণ পণ্য, গ্যাস, কন্টেইনারবাহী জাহাজ আনয়নকারী, গাড়ির জাহাজ, মালামাল হ্যান্ডিলিং প্রভৃতি বিষয়ে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র, কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১৩ কর্মকর্তা-কর্মচারীকে এবং ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ৮জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা ক্রেস্ট এবং পিআরএল ভোগরত ৫৬জন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এ ব্যাপারে মাকরুজ্জামান বলেন ভালো কাজের স্বীকৃতি স্বরুপ যেকোনো পুরস্কার আনন্দদায়ক। এ পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। মোংলা বন্দর দক্ষিণ অঞ্চলের গর্ব এবং অহংকার। আমি যতদিন এ কর্মস্থলে থাকবো এই বন্দর এবং বন্দর সংশ্লিষ্ট সকলের জন্য নিজের নীতি নৈতিকতা এবং আদর্শ দিয়ে কাজ করে যাব।