

শ্রীবাস সরকার, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনের সড়ক থেকে একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নাসির মিয়া এবং একই গ্রামের মনু মিয়ার ছেলে কবির হোসেন।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর আসে যে সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযানে নামে মাধবপুর থানার পুলিশ।
এসআই পাভেল আহমদের নেতৃত্বে তিতাস হাসপাতালের সামনে অবস্থান নেয় একদল পুলিশ। সন্দেহজনক সিএনজিটি থামিয়ে তল্লাশি চালালে নাসির ও কবিরের দখল থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর দু’জনকে গ্রেফতার এবং সিএনজিটি আটক করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে এবং আদালতে পাঠানো হবে। মাধবপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে ।