

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির বিশেষ টহলদল সীমান্তে চোরাচালান প্রতিরোধে ফাঁদ পাতা অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান জব্দ করেছে ।
শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে সীমান্তপিলার ১৯৯২/৪৭-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অবস্থান নেয় টহলদল। এসময় ভারতের দিক থেকে ৪/৫ জন লোক হাতে কার্টুন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কার্টুনগুলো ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া কার্টুনগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৩২ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৩১ পিস মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১৯ পিস ব্যাক কভার জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৭১ লাখ ৯২ হাজার টাকা।
বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।