

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ মিয়া (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। আফরোজ মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে পুকুরের মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুকুরের মালিকানা ও মাটি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দুলাল মিয়া ও আশিক মিয়ার নেতৃত্বাধীন দুটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। এতে আফরোজসহ অন্তত পাঁচজন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আফরোজ গুরুতর জখম হয়।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় পপুলার হাসপাতালে আফরোজকে লাইফ সাপোর্টে রাখা হয়। টানা দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শনিবার বিকেলে সে হাসপাতালে মারা যায়।
আফরোজের মৃত্যুর পর পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। নিহত ছাত্রের সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকেরা তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পরিবার ও স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সকালের খবরকে বলেন, সংঘর্ষের ঘটনায় আফরোজ মিয়া গুরুতর আহত হয়েছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।