

স্টাফ রিপোর্টারঃ আজ (২১ জুলাই, ২০২৫) দুপুর ১:০৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের অধিকাংশই শিক্ষার্থী।আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। দগ্ধ অন্তত ৬০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি হটলাইন চালু করেছে: ০১৯৪৯০৪৩৬৯৭।

বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। তিনি বিমানে একাই ছিলেন।ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি এবং বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।এই ঘটনায় প্রধান উপদেষ্টা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করেছেন।