

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ৬শ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চানগাও ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, চানগাও শাহপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) এবং কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদক ব্যবসা করছে। এর আগেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রবিবার রবিউল মাদকের একটি চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকের উৎপাত বেড়ে গিয়েছে। গত শনিবার মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হতে নির্দেশ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং যারা মাদকের বিরুদ্ধে তদবির করবে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন তিনি। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান স্থানীয়রা।
মদন থানার এস আই মো.ফয়সাল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়’। এ সময় তার বসত ঘর থেকে ১৫ বোতল ভারতীয় মদ ও ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হবে।’