

পঞ্চগড় জেলা প্রতিনিধি:বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ফজলে রাব্বীর ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার নেতা-কর্মীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন জামায়াত নেতা ও কামাত-কাজলদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, পঞ্চগড় জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জুলফিকার রহমান, সহ-সমন্বয়ক আতিকুর রহমান, মোকাদ্দেসুর রহমান (সান), পঞ্চগড়
জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাবান্ধা ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ফজলে রাব্বীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হবে। তারা হামলাকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধন শেষে বৈষম্য বিরোধী ছাত্রজনতার পক্ষ থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।