

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বকশীগঞ্জ উপজেলার অংশগ্রহণকারীরা।
শপথ পাঠ অনুষ্ঠানে প্রতিজ্ঞা করেন যে, শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয় বরং একটি মানবিক ও নৈতিক আহবান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার। দেশের সকলকে এক সাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়াবো। কারণ সরকার মানে আমি আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর। দেশে নারী শিশু নির্যাতন দুর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপীঠে, সাইবার স্পেইসে গড়ে তুলবো নারী ও শিশুর নিরাপদ বিচরণ। আরও অঙ্গীকার করেন যে অন্যায় দূর্নীতি, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এই মার্তৃভূমিকে।
এ শপথ পাঠ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার সহ জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
শপথ পাঠ অনুষ্ঠানে জুলাই এর চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।