

ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে আনুমানিক ৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যমানের ১১৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— মো. জমির উদ্দিন ও মো. রমজান উদ্দিন।
শনিবার ফরিদপুর কোতোয়ালি থানাধীন খলিলপুর বাজার থেকে মাদকসহ তাদের গ্রেফতার করে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
রবিবার(২৯ জুন) র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন বিকাল সাড়ে তিনটার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন খলিলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক বহনকালে আনুমানিক ৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যমানের ১১৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামির বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার কোতোয়ালিসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে