

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে সাড়ে ৯ হাজারপিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের সদস্যরা। এ অভিযানে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার দিবগত রাতে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, এ এস আই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এ এস আই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে