

আব্দুল্লাহ আল মামুন, পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা–মেয়ে নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে পাবনা–ঢাকা মহাসড়কের উত্তর দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিক থেকে যাওয়া মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মো. জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮) ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ সময় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-০৯৯৬) এবং মোটরসাইকেল (মানিকগঞ্জ হ-১২-০৫৫৩) জব্দ করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।