

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা সীমান্ত এলাকায় ৫৬ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে চার লক্ষ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭-নভেম্বর) নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ ধামেরঘাট বিওপি’র একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান চলমান রেখেছে বিজিবি। তারই ধারাবাহিকতায় বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ ধামেরঘাট বিওপি’র একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪টি ভারতীয় গরু মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪লক্ষ টাকা। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যেকোনো মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি’র পক্ষ হতে জানানো হয়।