

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ২৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) নান্দাইল পৌরসভা মিলনায়তনে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাজেট ঘোষণা করেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরভার প্রশাসক মো. ফয়জুর রহমান। এসময় তিনি নান্দাইল পৌরসভার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ৬৫ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪০ লাখ টাকা। পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান সভাপতিত্বে ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ারুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী মোহাম্মদ শাহানুর রহমান, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান ভূইয়া মনির, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, এনামুল হক বাবুল, শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, রমিজ উদ্দিন, বাবলী দাস প্রমুখ। উক্ত প্রস্তাবিত বাজেট পেশ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ারুল কবির। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভা কার্যালয়ের শহর সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।