

আল আমীন নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে তেরো মাস কারাভোগ শেষে কুড়িগ্রামের চিলমারীর ছয় বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি–বিএসএফের আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর সম্পন্ন হয়।
ফেরত আসা মৎস্যজীবীরা হলেন—
১. চান মিয়া, পিতা কলিম উদ্দিন ব্যাপারী, ২. আমের আলী, পিতা ফকির আলী, ৩. বকুল মিয়া, পিতা ইছাহাক আলী, ৪. মীর জাহান, পিতা শামছুল হক, ৫. রাসেল মিয়া, পিতা আবুল হোসেন, ৬. রিপন মিয়া, পিতা বাহাদুর
বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালের ৪ নভেম্বর জিঞ্জিরা নদীতে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন তারা। সেই সময় বিএসএফ ও ভারতীয় পুলিশ সদস্যরা তাদের আটক করে আদালতে সোপর্দ করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত তাদের ১ বছর ১ মাস কারাদণ্ড দেন। শাস্তির মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেয়।
নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের পর সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মিজানুর রহমান, হাতিপাগার বিওপির ক্যাম্প কমান্ডারসহ অন্যান্য সদস্যরা। ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন মেঘালয়ের তুরা বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাখাওয়াত হোসেন।