

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ির গহীন পাহাড়ে পুলিশ ও বিজিবির পৃথক অভিযান চালিয়ে গত ২ দিনে ৮টি অগ্নিঅস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম খুরিক্ষং এলাকার এক পাহাড়ের ঢালু থেকে ৩ টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করে পুলিশ। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ১১ বিজিবির অধীনস্থ দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি বিওপির বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ডাকাত শাহিনের আস্তানা থেকে ৫ টি অগ্নিঅস্ত্র উদ্ধার করেন।পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক এর দিক নির্দেশনা ও এস আই ফেরদৌস, এ এস মুজাহিদসহ পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোছড়ি ইউনিয়নের খুরিক্ষং সড়কের দক্ষিণে পাহাড়ের ঢালুতে সাদা প্লাস্টিক মোড়ানো ৩টি দেশীয় তৈরি গাধা বন্দুক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসরুরুল হক অস্ত্র উদ্ধার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশ অস্ত্র ব্যবহারকারীর সন্ধানে নেমেছে। উদ্ধারকৃত অস্ত্র থানা হেফাজতে রয়েছে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হবে অস্ত্র ৩টি। এসময় তিনি পুলিশের এধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান। অপর দিকে গত ২৩ জুন নাইক্ষ্যংছড়ি বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কফিল উদ্দিন কায়েস এর দিক নিদর্শনায় ১১ বিজিবির অধীনস্থ লেমুছড়ির বিওপির জোয়ানরা দোছড়ি ইউনিয়নের লেমু তলী নামক স্থান থেকে মালিক বিহীন ৫টি অস্ত্র উদ্ধার করেন। এ নিয়ে এক দিনের ব্যবধানে বিজিবি ও পুলিশ পৃথকভাবে অভিযান চালিয় মোট ৮ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কফিল উদ্দিন কায়েস সাংবাদিকদের জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র,মাদক,চোরাচালান ও সন্ত্রাসী বিরোধী চলমান এ অভিযান আছে থাকবে। অপরদিকে গত ২ দিনে দোছড়ি থেকে ৮টি অস্ত্র উদ্ধারে সচেতন মানুষের মাঝে জনমনে অজানা আতংকের সৃষ্টি হয়েছে।