

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য পদের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন’র বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছেন একই আসনের গণ অধিকার পরিষদের এক প্রার্থী। ১৮ জানুয়ারি রবিবার বিকালে পটুয়াখালী-৩ আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম জেলা রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালী জেলা প্রশাসকের নিকট এ অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে যে, এ আসনের সতন্ত্র প্রার্থী হাসান মামুন নিজে বিভিন্ন সভা, সমাবেশ ও প্রকাশ্য স্থানে উস্কানিমূলক ও উত্তেজনাকর বক্তব্য প্রদান করছেন এবং প্রকাশ্যে নির্বাচনী ফলাফল পূর্বনির্ধারিত বলে মন্তব্য করছেন-কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ হবে তা ঘোষণা করছেন। এই ধরনের বক্তব্য নির্বাচন আচরণবিধি, ২০০৮-এর ধারা ১৮ (শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী বক্তব্য নিষিদ্ধ) এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৯০ বি অনুযায়ী নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য। উপরোক্ত কর্মকাণ্ডের ফলে নির্বাচনী এলাকায় চরম উত্তেজনা, বিভ্রান্তি ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইত্যাদি। এ বিষয় মুঠোফোনে সাংবাদিকরা সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাসান মামুন’র কাছে জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসকের নিকট থেকে অভিযোগের ব্যাপারে তিনি কিছুই এখন পর্যন্ত জানেন নি। জানলে তারপর বলবেন এ কথা তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ জন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত: উক্ত অভিযোগ জেলা রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালী জেলা প্রশাসক এর নিকট প্রদান কালে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৩ আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য পদ প্রার্থী কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, গণ অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহআলম সিকদার এবং গণ অধিকার পরিষদ, পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম সহ গন অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।