

চপল রায় ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষ্যে সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ, সুসংহত ও কার্যকরী ভূমিকা পালন করতে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপি’র কার্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে থাকে দলীয় নেতাকর্মীরা।
স্বাগত বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হন উপজেলা বিএনপি ‘র যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন জুলফিকার।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ বশির হাওলাদার ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক জনাব মোঃ গোলাম মোস্তফা মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।
এ সময় বক্তারা গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মিথ্যা ও বানোয়াট মামলা, হামলা ও সীমাহীন নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোলা ৩ আসনের ছয় বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে শক্তিশালী করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান , গোলাম সরোয়ার আলম, শাহাদাত হোসেন পাটোয়ারী, জাকির হোসেন মনু, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক হাসান মোঃ সাফা পিন্টু প্রমুখ। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্বাচিতদের নির্দেশনা প্রদান করেছেন দলীয় হাইকমান্ড।