

স্টাফ রিপোর্টারঃ আবহাওয়া অধিদফতরের ঘোষণা অনুযায়ী আজ, ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, দুপুর ১টা পর্যন্ত ঢাকা সহ দেশের ১৩টি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করেছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, এবং সিলেট —এই ১৩টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ভারী বর্ষণ ও সমুদ্রবন্দরের জন্য সতর্কবার্তা
এছাড়াও, পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী, এমনকি কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।তাই পরবর্তী কয়েক ঘণ্টার জন্য এই অঞ্চলগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।