

রূপগঞ্জ প্রতিনিধি : গ্রাহকদের ভোগান্তি কমিয়ে ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও দ্রুততম সময়ে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন ও নতুন ভবনের উদ্বোধন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রবিবার দুপুরে রেগুলার সরকারি কার্যক্রমের অংশ হিসেবে তিনি রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ভূমি অফিস ঘুরে দেখেন এবং সেবা প্রাপ্তিতে জনগণের সুবিধা–অসুবিধা সম্পর্কে সরেজমিন তথ্য নেন। পরে তিনি রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের সম্প্রসারিত নতুন ভবন এবং রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, মানুষের ভোগান্তি লাঘব করা এবং তাদের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। ভূমি সেবায় দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা, দ্রুত নামজারি ও খতিয়ান প্রদান, মাঠপর্যায়ের সেবা ডিজিটালাইজেশন এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। রূপগঞ্জে ভূমি সেবা আরও গতিশীল করতে নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অফিসে আসা সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আমরা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছি। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীরা।