

জামালপুর প্রতিনিধি:জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের গোদা ডাঙ্গার বিল উন্মুক্ত করে দেওয়ার দাবিতে জেলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিলপাড়ে এ কর্মসূচি শেষে ফুলকোচা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধন শেষে ইউনিয়ন ভূমিকর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মৎস্যজীবী পরিবারের প্রতিনিধিদের মধ্যে দুলাল মিয়া, দুদু মিয়া, শফিকুল ইসলাম ও সাবান আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন— রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় মৎস্যজীবীদের বাদ দিয়ে ইজারার নামে দীর্ঘদিন ধরে বিলটি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এ নিয়ে দফায় দফায় দাঙ্গা-হাঙ্গামা ও খুনের ঘটনাও ঘটেছে। তারা জানান, সরকারিভাবে মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেওয়া হলেও প্রভাবশালী মহল নিয়মিত সাব-লিজ নিয়ে বিলটি দখলে রাখছে। এমনকি গোসল করতে গেলেও মাছ ধরার অভিযোগে মামলা–হামলাসহ নানা হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়রা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে বিলটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জোরালো হয়। এ সময় বিএনপি নামধারী কয়েকজনের বিরুদ্ধে বিলটি নিজেদের আয়ত্বে নেয়ার অভিযোগ ওঠে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, ‘বিল নিয়ে বিরোধ বহু পুরোনো। মূল অভিযোগ কার বিরুদ্ধে— ইজারাদার নাকি অন্য কেউ— সেটি তদন্ত করে দেখা জরুরি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর জানান, ১৬.২০ একর আয়তনের গোদা ডাঙ্গার বিলটি ৪ লাখ ২৬ হাজার ৫৬৩ টাকায় ১৪৩৫ বঙ্গাব্দ পর্যন্ত ৬ বছরের জন্য আদ্রা মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইজারা নিয়ম ভঙ্গের বিষয়টি যাচাই করে আগামী জেলা রাজস্ব সভায় উত্থাপন করা হবে বলে জানান তিনি।