

নিজস্ব প্রতিবেদক;
নোয়াখালীর চরজব্বর থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সিরাজ উদ্দিনকে (২৬) চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১১ (সিপিসি-৩, নোয়াখালী) এবং র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে গ্রেফতার করে।
রবিবার (২৯ জুন) রাতে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ মে তারিখ রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে, আসামি সিরাজ উদ্দিন ও তার সহযোগী ওসমান তাকে জোরপূর্বক পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
গ্রেফতারের পর সিরাজ উদ্দিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে চরজব্বর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিআই/এসকে