

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ বেষ্টিত কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবকাঠামো নির্মাণের পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রভাতী প্রকল্প।
এ প্রকল্পের আওতায় রবিবার (২৯শে জুন) দুপুরে যাত্রাপুর হাট বাজার উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর।
এসময় উপস্থিত ছিলেন, প্রভাতী প্রকল্পের মনিটরিং লাইভলীহুড অফিসার লিপি আক্তার, এলজিইডির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিয়ার রহমান, যাত্রাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ রহিমুদ্দিন হায়দার রিপন, সহকারী ফিল্ড ইঞ্জিনিয়ার মো: রাকিব হাসান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ রাশেদুল নবী, স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম প্রমুখ।
এলজিইডি সূত্র জানায়, ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক প্রভাতী প্রকল্পটি ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাদ) অর্থায়নে ২০১৮ সালের জুলাই মাসে শুরু হয়। এ প্রকল্পের আওতায় যাত্রাপুর হাট বাজার উন্নয়ন মূলক কাজ- মাছের শেড নির্মাণ, সবজির শেড সংস্কার, টয়লেট ও ইন্টারনাল রোড তৈরী সহ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যায় হবে (১,৫৭,১৬,২৯৩/-) এক কোটি সাতান্ন লক্ষ ষোলো হাজার দুইশত তিরানব্বই টাকা। এ প্রকল্পে চুক্তিবদ্ধ শ্রমিক দলের কর্মসংস্থান হবে।