

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে তিনটি পদে অতিথি শিক্ষক নিয়োগ নিয়ে ঘনীভূত হয়েছে বিতর্ক। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম খন্দকারের স্বাক্ষরে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি ‘দৈনিক সকালের কাগজ’ নামে স্থানীয় একটি পত্রিকায় সীমিত পরিসরে প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তিনটি পদ হলো—
১. আইটি সাপোর্ট সার্ভিস বিষয়ক শিক্ষক
২. গ্রাফিক্স ডিজাইন বিষয়ক শিক্ষক
৩. রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং বিষয়ক শিক্ষক।
সূত্র জানায়, এই নিয়োগ বিজ্ঞপ্তির কপি কুড়িগ্রামের সাধারণ নাগরিকদের মধ্যে বিলি করা হয়নি। ফলে অধিকাংশ শিক্ষিত বেকার যুবক-যুবতী এ বিষয়ে অবগত হতে পারেননি। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, প্রক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে যাতে করে পছন্দের ব্যক্তিদেরকে আর্থিক বিনিময়ে নিয়োগ দেয়া যায়। ৩০ জুন ২০২৫—এই তারিখে নিয়োগ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে, যা একটি প্রশ্নবিদ্ধ তড়িঘড়ি করা প্রক্রিয়ার ইঙ্গিত বহন করে।এই পরিস্থিতিতে জেলা প্রেসক্লাব, কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুর রহমান সরাসরি টিটিসির প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, কুড়িগ্রাম একটি প্রান্তিক ও দরিদ্র জেলা—এখানে বিপুল সংখ্যক শিক্ষিত বেকার যুবসমাজ রয়েছে। তাই এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সর্বজনীনভাবে প্রকাশ হওয়া উচিত। তিনি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিতে পুরাতন বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে প্রচলিত ও বহুল প্রচারিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।অধ্যক্ষ রেজাউল করিম খন্দকার সংশ্লিষ্ট ব্যক্তির অনুরোধে সম্মত হন এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার আশ্বাস প্রদান করেন। তবে তাঁর এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে উদ্বেগ।