

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের উলিপুরে এসএসসি সমমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (২ আগষ্ট) বিকেলে উলিপুর স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি সমমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তরুণ সমাজসেবক এম আলমগীর কবির,
ধরনিবাড়ি লতিফ রাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের, বালার চর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বের রাশেদিন, ইসলামি আন্দোলন উলিপুর শাখার সভাপতি আতাউর রহমান, রাজ্জাকুল ইসলাম রিপন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মতলেবুর রহমান মঞ্জু ও স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য নেছার উদ্দিন প্রমুখ।
এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর এম,এস স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী আবরার হামিম রাহিন, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী উৎসব সরকার।
উল্লেখ্য, উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি মোট ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৫ জন কৃত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।