

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করণ’সহ ৫ দফা দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ( ইউপি) প্রশাসনিক কর্মকর্তা সমিতি পটুয়াখালী শাখার নেতৃবৃন্দ। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করার লক্ষে এ সমিতির নেতৃবৃন্দরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর পক্ষে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদ উল আলম উক্ত সমিতির এ দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন। উক্ত স্মারকলিপি প্রদান কালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি পটুয়াখালী শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে মোতাহার উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, মোঃ রিয়াজ উদ্দিন, রিপনচন্দ্র শীল, মোঃ ফরিদ উদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া মামুন, মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন ও মোঃ রাকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত সমিতির পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দরা তাদের দাবির বিষয়ে সাংবাদিকদের জানান, সরকারের দৃষ্টি আকর্ষণে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে ১০ম গ্রেডে উন্নীত করা, সমযোগাযোগী নিয়োগ বিধিমালা প্রণয়ন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা,মন্ত্রণালয় হতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের শতভাগ বেতন ভাতা প্রদান করা, অবসরকালীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণকে শতভাগ আনুতোষিক অথবা পারিবারিক পেনশন প্রদান করা এবং স্থানীয় সরকার অধিদপ্তর গঠন সম্বলিত এই ৫ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।