

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মোঃ আশরাফুল ইসলামের জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১২ জুলাই) আত্রাই থানায় এ সংক্রান্ত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত (১১ জুলাই) শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা বাদী বাড়িতে না থাকার সুযোগে তার জমিতে জোরপূর্বক প্রবেশ করে। সেখানে থাকা ২টি আমগাছ, ৩টি মেহগনি গাছ, ১টি পিত্রাজ গাছ,
৫টি সুপারি গাছ, ১টি ফলন্ত লেবু গাছ ও ১টি আমলকী গাছ কেটে ফেলে। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা লোকজনের চলাচলের রাস্তা তৈরি করার জন্য এ কাজ করেছে।
বাদী বাড়ি ফিরে স্থানীয় সাক্ষী শহর আলী সরদার ও মোঃ নাজমুল হোসেনসহ অন্যান্যদের মাধ্যমে ঘটনা জানতে পারেন। পরে তিনি বিবাদীদের জিজ্ঞাসা করলে তারা তাকে খুন ও জখমের হুমকি দেয়। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিবাদী মোঃ আবুল হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমরা রাস্তা তৈরি করেছি স্থানীয় মানুষের সুবিধার জন্য। বাদীর জমি নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। এবং তাদের জমি থেকে জোরপূর্বক গাছ কাটা হয়নি।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন এসেছিল এবং বাদীর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।